শহর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার ধলিয়ায় জোরপূর্বক অপহরণের অভিযোগে মামলা দায়েরের পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি বালুয়া চৌমুহনী বাজারের ব্যবসায়ী মো. আবদুল কুদ্দুসের। এছাড়াও তার কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা ও জোরপূর্বক স্বাক্ষর নেয়া স্ট্যাম্পও উদ্ধার হয়নি বলে অভিযোগ তার। শনিবার বিকালে শহরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আব্দুল কুদ্দুস ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়ার জামাল উদ্দিন ভূঞা বাড়ির রহিম উল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর বালুয়া চৌমুহনী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় ৮ সেপ্টেম্বর লিখিত অভিযোগ ও ১০ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
আব্দুল কুদ্দুস বলেন, ‘মামলা দায়েরের পর বেশ কয়েকদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। একইসঙ্গে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়া নগদ টাকা ও জোরপূর্বক স্বাক্ষর নেয়া স্ট্যাম্পও উদ্ধার করা হয়নি। এছাড়া আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আমাকে ও আমার ভাইকে হত্যার হুমকি দিচ্ছে।’ নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি আরো বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। এমনকি নিজ বাড়িতেও অবস্থান করতে পারছি না। আমি আসামিদের গ্রেফতার ও আমার নিরাপত্তার জন্য একাধিকবার থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।’
এসময় তিনি ছিনতাই হওয়া নগদ টাকা ও স্ট্যাম্প উদ্ধার, মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।