* স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
* নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি
ইলিয়াছ সুমন : ফেনীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও খাবারের হোটেল তা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অভিযোগ উঠেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের পাশাপাশি পোড়া তেল, অনুমোদিত রাসায়নিক রং এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের মতো বিভিন্ন অনিয়মের ঘটনা নিয়মিত বিষয়। এতে সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, আইসক্রিম কারখানা ও খাবারের দোকানে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন।
এসব অভিযানে একাধিক প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। গত ১২নভেম্বর শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট এলাকায় কুটুমবাড়ী, সৌদিয়া হোটেল ও রহমানিয়াসহ বিভিন্ন খাবারের হোটেলে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে খাবার তৈরির স্থান ও পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়ায় প্রতিষ্ঠানগুলোর মালিকদের ২৪ঘণ্টার মধ্যে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনা দেয়া হয়। পোড়া তেল ব্যবহার বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি খাবার পরিবেশনকারীদের ক্যাপ ও মাস্ক পরিধান করার জন্য বলা হয়।
এসময় ১সপ্তাহের মধ্যে পুনরায় তদারকির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এরআগে গত ৬অক্টোবর ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় ডলফি ও সনি আইসক্রিম কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে ডলফি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি উঠে আসে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে সনি আইসক্রিম কারখানায় বিভিন্ন অসংগতি পাওয়ায় কর্তৃপক্ষকে সতর্ক করে সংশোধনের নির্দেশনা দেয়া হয়।
এছাড়া গত ৩নভেম্বর ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলায় মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। একের পর এক অভিযানে খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়মের চিত্র সামনে এলেও প্রশ্ন উঠেছে, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা নিয়ম মেনে চলছে? নির্ধারিত সময়ের মধ্যে দেয়া নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কিন্তু এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ না হলে খাদ্যে জীবাণু ও ক্ষতিকর উপাদান মিশে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার, অনুমোদিত রাসায়নিক রং প্রয়োগ, খোলা অবস্থায় খাবার রাখা এবং অপরিচ্ছন্ন পাত্রে খাদ্য সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা এ ধরনের অনিরাপদ খাবারের কারণে বিশেষ ঝুঁকিতে পড়তে পারেন বলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে এসব প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। তাদের মতে, শুধু অভিযান পরিচালনা ও জরিমানা করলেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। যেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে, পরবর্তী সময়ে সেগুলো নির্দেশনা মেনে চলছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষনের দাবী জানান। একইসঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, কাঁচামালের মান, উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়া এবং খাদ্যের মোড়কে সঠিক তথ্য উল্লেখ করা হচ্ছে কিনা, তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
তাদের মতে, নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে প্রচারণা বাড়ানো জরুরি।
ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদ জানান, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই মুনাফার চেয়ে মানুষের স্বাস্থ্য ও জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বিভিন্ন অভিযানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানান।