নিজস্ব প্রতিনিধি:
ফেনীর স্বাস্থ্য বিভাগে নিয়মনীতি না মেনে পদায়নের ক্ষেত্রে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়কে ম্যানেজ করে অসংখ্য কর্মকর্তা-কর্মচারীকে তাদের ইচ্ছেমতো পদায়ন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পেলেও কয়েক বছর না যেতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে তারা গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। এসব ক্ষেত্রে সায় দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি চক্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা সিভিল সার্জন কার্যালয়ের বর্তমান পরিসংখ্যানবিদ আমজাদ হোসেন সুমন ২০০৪সালের ১জুলাই ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পান। পরে নিয়োগবিধির তোয়াক্কা না করে তাকে ২০২৩সালের ২৭আগস্ট তৎকালীন জেলা সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিসংখ্যানবিদ এর শূণ্য পদে বদলি করা হয়।
একইভাবে ২০১০সালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পাওয়া বাবুল চন্দ্র দাস ২০১৮সালে তৎকালীন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের এক আদেশে সিভিল সার্জন অফিসে স্টেনো-টাইপিস্ট পদে বদলি করা হয়।
এছাড়া ২০২৪সালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদ থেকে সিভিল সার্জন কার্যালয়ে বদলি করা হয় মোহাম্মদ আরিফুর রহমানকে। বিষয়টি জানাজানি হলে ২০২৫সালের ২৬নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই আদেশ বাতিল করা হয়।
এর বাইরে আরও অন্তত ১০জনের নাম ফেনীর সময়-এর হাতে রয়েছে। এরা হলেন— সিভিল সার্জন কার্যালয়ে স্টোরকিপার পদে কর্মরত মো. ইউছুপ, ক্যাশিয়ার পদে কর্মরত মো. রহিম উল্লাহ, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী পদে কর্মরত মো. বেলায়েত হোসেন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার পদে কর্মরত মোবারক হোসেন ও স্টোরকিপার পদে কর্মরত খোকন চন্দ্র দাস, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী পদে কর্মরত সফিকুর রহমান, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ফখরুল আলম, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার পদে কর্মরত মো. বেলাল হোসেন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত মোশাররফ হোসেন এবং অফিস সহকারী পদে কর্মরত শিখা রায়।
তাদের মধ্যে মো. ইউছুপ, মো. বেলায়েত হোসেন, মোবারক হোসেন, খোকন চন্দ্র দাস, ফখরুল আলম, মোশাররফ হোসেন ও শিখা রায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া মো. রহিম উল্লাহ নিয়োগ পেয়েছিলেন বাগানমালি পদে, সফিকুর রহমান ও মো. বেলাল হোসেন পেয়েছিলেন ওটি বয় পদে। কিন্তু পরবর্তী সময়ে উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে পছন্দমতো পদায়ন পান।
জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে ফেনীর সময় কে জানান, একজন স্বাস্থ্য সহকারী পদ থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক পদ পর্যন্ত পদোন্নতি পেতে পারেন। এর বাইরে অন্য পদে যাওয়ার সুযোগ নেই। একইভাবে বাগানমালি, ওটি বয়সহ অন্যান্যপদে নিয়োগ পাওয়া ব্যক্তিগণও পদ পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটি নিয়োগ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ও সরকারি অর্থের অপচয়। উল্লেখিত ব্যক্তিগণ নানাভাবে জেলা স্বাস্থ্য বিভাগের একটি চক্রকে ম্যানেজ করে পছন্দমতো পদ বাগিয়ে নেন।
জানতে চাওয়া হলে সিভিল সার্জন ডা. মো আরিফুজ্জামান ফেনীর সময় কে বলেন, এসব অনিয়মের বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে নিয়োগবিধি অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে জানান সিভিল সার্জন।