নিজস্ব প্রতিনিধি :
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।মেলায় শতাধিক ফল প্রদর্শনী করা হয়।
বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আতিক উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন ও ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মাসুদ হোসেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক কৃষক অংশ নেয়। মেলায় ৮ টি স্টলে শতাধিক দেশী ও বিদেশী জাতের বিভিন্ন ফল প্রদর্শনী করা হয়।
জেলা প্রশাসক মনিরা হক তার বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বাড়াতে আমাদেরকে আরো বেশি করে ফলজ গাছের চারা রোপন করতে হবে, যত্ন নিতে হবে। তিনি বলেন, আমাদের বাড়ির আঙ্গিনায় পতিত জায়গায় আবাদের আওতায় আনতে হবে। এক্ষেত্রে যে কোন পরামর্শের জন্য কৃষি বিভাগ আপনাদের পাশে থাকবে।