নিজস্ব প্রতিনিধি :
আধুনিক প্রযুক্তি ভিত্তিক সেবা পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএমসি) ব্যবস্থাপনায় ফেনীতে নির্মাণ করা হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। শহরতলীর দশমী ঘাট এলাকায় ৩৩দশমিক ৪৭ শতাংশ জায়গার উপর ৫তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হবে। এ মাসের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে আসলে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে পারেন। একই দিন প্রধানমন্ত্রী আরো কয়েকটি প্রকল্পের কাজও উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তথ্য মন্ত্রীকে ডিউ লেটার প্রেরণ করেন।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, ফেনী শহরতলীর দশমী ঘাট এলাকার দশমিক ঘাটের বিপরীতে সড়কের পশ্চিম পাশে ৩৩ দশমিক ৪৭ শতাংশ জায়গায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। গত ২ সেপ্টেম্বর উল্লেখিত ভূমি অধিগ্রহণ প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ৫তলা বিশিষ্ট ভবনে থাকবে সাংবাদিক কর্ণার, সম্মেলন কক্ষ, আধুনিক লাইব্রেরি, আর্কাইভ, অতিথি শালা ও অফিস কক্ষ। ইতিমধ্যে নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন জেলা তথ্য কর্মকর্তা এস.এম আল আমিন।
জেলা তথ্য কর্মকর্তা এস.এম আল আমিন জানান, দেশের ৭টি বিভাগে ৭তলা বিশিষ্ট ও ১৯টি জেলায় ৫তলা বিশিষ্ট তথ্য কমপ্লেক্স রয়েছে। এরমধ্যে কিছু কমপ্লেক্স এর নির্মাণ কাজ চলমান। নতুন করে দুইটি জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এর একটি ফেনী ও আরেকটি বগুড়ায়।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, তথ্য কমপ্লেক্সে নির্মিতব্য ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হলে জনগণের মধ্যে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সাধন করা, সর্বস্তরের জনগণের মধ্যে জাতীয় ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রসার ঘটানোর মাধ্যমে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করাই এর লক্ষ্য।
এছাড়াও তথ্য কমপ্লেক্সটিকে পরামর্শ কেন্দ্রে পরিণত করে সরকারি বা বেসরকারি গণমাধ্যম, স্থানীয় প্রেসক্লাব, কমিউনিটি রেডিও ইত্যাদি পরস্পরের মাঝে তথ্য আদান প্রদানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা; এবং জাতীয় গুরুত্বপূর্ণ দলিলপত্র, রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কিত তথ্যাবলী সংরক্ষণের জন্য ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল আর্কাইভ ইত্যাদি স্থাপন করাই এর লক্ষ্য।