নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ কর্মী ও সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামিসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। সোমবার বিকাল ৫ টা থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এসব আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন আরেক ছাত্রলীগ কর্মী এবং ১৩ পিস ইয়াবা নিয়ে রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে
কালিদহ ইউনিয়নের লালপোল এলাকা থেকে মো. শাহ আলম (৫৬) ও মোটবী ইউনিয়নের ভোর বাজার এলাকা থেকে সাইফুল ইসলাম (৪২) কে আটক করা হয়। শাহ আলম আওয়ামী লীগের এবং সাইফুল ইসলাম ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানান।
এছাড়া একই অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মা (৪৩) এবং বিভিন্ন মামলায় জিআর ওয়ারেন্টে দুইজন, সিআর ওয়ারেন্টে তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন ও চুরি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন,‘মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’