সদর প্রতিনিধি :
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদে ও প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম, ফেনী। গতকাল শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী ও লেখকসহ বিভিন্ন সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
সংগঠনের উপদেষ্টা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জজ কোর্টের এপিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, শিক্ষক শাহাদাত হোসেন বাদল, জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া, ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরি সদস্য শরীফুল ইসলাম অপু, ওসমান গনি রাসেল, অ্যাডভোকেট খুরশিদ আলম মাহাদী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, আমরা গর্বিত আমরা ফেনীর সন্তানের পক্ষ থেকে আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি ও আলোকিত বাংলা সম্পাদক এ এম মোরশেদ শিবলী।
বক্তারা বলেন, “ফেনীতে মেডিকেল কলেজের দাবি দীর্ঘদিনের। ফেনীতে উন্নত চিকিৎসার জন্য কোন ভালো মানের হাসপাতাল নেই। উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রাম যেতে হয় আমাদের। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাঝে হওয়ায় ফেনী গুরুত্বপূর্ণ জেলা। আশপাশের জেলাগুলো থেকে এ জেলায় যাতায়াতে সুবিধা রয়েছে। অথচ ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রত্যাখান করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। অথচ মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এসে আমাদের বলেছিলেন যে ফেনীতে মেডিকেল কলেজ করবে। কিন্তু তিনি আমাদের আশাহত করলেন। আমরা হতাশ হয়েছি।”
তারা আরো বলেন, “আমরা প্রধানমন্ত্রীর নিকট দাবী জানাবো তিনি যেন ফেনীবাসীর দাবি মেনে নেন। আপনারা বলেছেন ধানের শীষ বিজয়ী হলে মেডিকেল কলেজ করবেন। মেডিকেল কলেজ ফেনীবাসীর প্রাণের দাবি। আমরা চাই ফেনীতে মেডিকেল কলেজ করা হোক।”