শহর প্রতিনিধি :
ফেনীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, র্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করায় একটি দোকানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার শহরের তাকিয়া রোড ও ইসলামপুর রোড এলাকার ভোজ্যতেলের বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিরাপদ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল মোড়কীকরণ করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স কবির এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এ জরিমানা করেন। এদিন ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছেমাফিক দামে খোলা ভোজ্যতেল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ করায় তৎসংলগ্ন মেসার্স হাজী নূর আহমেদ এন্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।