এসো হে বৈশাখ, এসো…
শহর প্রতিনিধি :
আজ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা ও বর্ণিল নানা আয়োজন নিয়ে প্রস্তুত ফেনী। দীর্ঘ কয়েকবছর পর মঙ্গল ও আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে বছরের প্রথমদিন উৎসবমুখর রাখতে নাম দেয়া হয়েছে বৈশাখী শোভাযাত্র। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে মুখরিত করে তুলবে শহর।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ সোমবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি শহরের কলেজ রোড,মিজান রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হবে। সেখানে পাঁচদিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। মেলায় প্রায় ৪০টি স্টল অংশ নেবে। প্রতিদিন মেলা চলবে সকাল ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত। বিকাল ৩টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
শোভাযাত্রা ও মেলায় দেশীয় তৈরি বিভিন্ন পণ্য ও গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়া সব সৃজনশীলতা একসঙ্গে জ্বলে উঠবে। এদিন কারাগার ও হাসপাতালে বাংলা খাবার পরিবেশনসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়।