নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরে গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতেও কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। সচরাচর আগের বছরগুলোতে এমন বৃষ্টিপাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক সহ বিভিন্ন পাড়া-মহল্লার নিচু এলাকা হাঁটু পরিমান পানিতে তলিয়ে যেত। এবার ভারি বৃষ্টিতেও কোথাও পানি না উঠায় শহরের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, এবার মৌসুমের ভারী বৃষ্টিতে শুধুমাত্র শহরের একাডেমী থেকে হাসপাতাল মোড়ের সড়কটি হাঁটু পরিমান ডুবে যায়। ঘন্টাখানেক পর এসব পানি সরো যায়। শহীদ শহীদুল্লা কায়সার সড়কেও কিছু পানি জমলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। এছাড়া শাহীন একাডেমী এলাকা, পাঠানবাড়ি, শান্তি কোম্পানি এলাকা, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পেট্টোবাংলা, বিরিঞ্চি, বারাহিপুর, বনানীপাড়া সহ অন্যান্য এলাকায় জলাবদ্ধতা দেখা যায়নি। অথচ গত বেশ কয়েক বছর ধরে এসব এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তির শেষ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা পানিবন্দী থাকতো নিচু এলাকার মানুষ। এ বছর সেই চিত্র দেখা যায়নি।
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা না হওয়ার পেছনে কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ভূমিকা ছিলো প্রশংসনীয়। দফায় দফায় মিটিং করে এবার বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসব মিটিংয়ে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করে বর্ষা মৌসুমের আগে শেষ করতে সময় বেধে দেওয়া হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, মঙ্গলবার বৃষ্টি শেষে পানি অপসারনে ১২টি টিম কাজ করে। ড্রেন পরিস্কারেও তারা নিরলস কাজ করছেন।