নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে মৌসুমের শুরুতেই ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র এক ঘন্টা ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি জেলায় চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি এলাকা, সদর হাসপাতাল মোড়, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, মিজান রোড ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, প্রবল বৃষ্টির কারণে ড্রেন ও খাল দিয়ে পানি নামতে ধীরগতি দেখা দেয়। ফলে শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। পৌরসভার ১২টি দল নির্বিঘ্নে পানি অপসারনে কাজ করে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, গতকাল দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এর বড় অংশটিই হয়েছে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে (১২৬ মিলিমিটার)। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তিনি জানান।