জুলাই ২৭, ২০২৬ ০২:৪৪

চেম্বারের অভিষেক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফেনীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহবান

নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি ফেনীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, আমি বরাবরই ফেনীর পরিচয়ে গর্ববোধ করি। ফেনী পাইলট হাইস্কুল থেকে পড়েছি। এই এলাকার আলো-বাতাসে বড় হয়েছি। সন্তানদের বলেছি মারা গেলে লাশটাও যেনো দাগনভূঞায় এনে দাফন করা হয়। তিনি বলেন, এলাকার প্রতি সবার এই ধরনের ভালোবাসা ও কর্তব্যবোধ থাকা প্রয়োজন বলে আমি মনে করি।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি না হলে মাদক, কিশোর গ্যাং, সামাজিক অশান্তি দূর হবে না। আইনশৃঙ্খলা ভালো থাকলে দেশে বিনিয়োগ বাড়ে। একটা দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ করে রাজনীতি। আর অর্থনীতি সমাজকে পরিশীলিত করে। সম্পদ সৃষ্টি করা দেশের জন্য জরুরি। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেমন দেশের সম্পদ সৃষ্টি হয়, তেমনি যারা সরকারে থাকে তাদের উপর নির্ভর করে সৃষ্ট সম্পদের বিলি বন্টন। অতীত সরকার দেশে সৃষ্ট সব সম্পদ নিজেরা লুটপাট করে কেউ বিদেশে পাচার করেছে, কেউ দেশে লুকিয়ে রেখেছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না। উনার সঙ্গে আমরাও দৌঁড়াচ্ছি।

তিনি গতকাল শনিবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি বলেন, সামাজিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি ছাড়া সমাজ উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ফেনীর বিভিন্ন সমস্যা সম্পর্কে বলেন, আমরা সব এমপি ইতিমধ্যে জাতীয় সংসদে এসব বিষয় তুলে ধরেছি। ইতিমধ্যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্প একনেকে পাশ হয়েছে। লালপুলে ফ্লাইওভার, ফেনী মেডিকেল কলেজ, মুসাপুর রেগুলেটরসহ বিভিন্ন দাবি আশা করছি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক মনিরা হক নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, এফবিসিসিআই সংস্কার উপ কমিটির আহবায়ক জাকির হোসেন নয়ন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, চেম্বারের সহ-সভাপতি আবুল কাশেম, ফরিদ উদ্দিন ও জাফর উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন নির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি নুরুল আমিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম শামসুদ্দিন, বর্তমান জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি নুরুল করিম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও মহিলাদলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবদীন এমপি বলেন, ‘ফেনীতে সীমান্ত চোরাচালান ও মাদক কারবার দিনদিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে ফেনী সদরের ধর্মপুর, শর্শদি, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার শুভপুর পর্যন্ত এসব এরিয়া দিয়ে মাদক ঢুকে। এসব মাদক আমাদের শিশুদের ধ্বংস করে দিচ্ছে। আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা রোধ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে পিটিয়ে তাদের প্রতিহত করতে হবে। আমি আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসককে বলেছি মাদক যেন প্রতিহত করা হয়। মাদকের ব্যপারে কোন ছাড় নেই। কেবল পুলিশের উপর নির্ভর করে বসে থাকলে হবে না গুন্ডা, বদমাইশ, মাদক কারবারীদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে।’

রেহানা আক্তার রানু বলেন, ‘দীর্ঘ কয়েকবছর পর আমরা নির্বাচন পেয়েছি। সবার মাঝে নির্বাচনের আমেজ ফিরে এসেছে। আগে নির্বাচনের ‘ন’ ও ছিলোনা। আগে ঘাটলা থেকে বসে ঠিক করা হতো। দীর্ঘদিন পর ফেনীর মানুষ নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সের নতুন কমিটি পেয়েছে। ফেনী চেম্বার জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তারা নিশ্চয়ই ভূমিকা রাখবেন।’

তিনি আরো বলেন, ‘ফেনীর সমস্যার সমাধানে আমরা সবাই মিলে চেষ্টা করছি। এখানে আমাদের মন্ত্রী মহোদয় আছেন। তিনি সহ আমরা এমপিরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে ফেনীতে মেডিকেল কলেজ, লালপোল ফ্লাইওভার, গুদাম কোয়াটার ফুটওভার ব্রিজ এর জন্য আমরা চেষ্টা করতেছি।’
উল্লেখ্য, এর আগে ২৭জুন চেম্বারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, জুনিয়র সহ-সভাপতিসহ ২৪ সদস্যের কমিটি নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

সর্বশেষ

দাগনভূঞায় দৈনিক ফেনীর সময় এর আয়োজনে কিশোর গ্যাং বিরোধী বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!