স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মহিপালে
দিন মজুর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা
শহর প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নূর নবী হোসেনের বাড়ী ভোলা। তিনি দিনমজুর ও মহিপালে ফ্লাইওভারের ভাসমান বাসিন্দা। এ ঘটনায় হত্যাকারী মো. শাহ পরান প্রকাশ ফয়সালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ভোলার বাসিন্দা নূর নবী হোসেন নদী ভাঙ্গন পরবর্তী পারিবারিকভাবে ঢাকায় বসবাস শুরু করলেও পরে বিচ্ছিন্ন হয়ে ফেনীতে ভাসমান অবস্থায় বসবাস শুরু করেন। তিনি দাগনভূঞার বিবি ফাতেমাকে পরিচয় সূত্রে বিয়ে করেন। তারা প্রায় সময় রাস্তাঘাটে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। দিন শেষ হলে মহিপাল ফ্লাইওভারের নিচে রাত্রিযাপন করেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নূর নবীর স্ত্রী ফাতেমাকে ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্নস্থানে স্পর্শ করে উত্ত্যক্ত করে ফয়সাল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নবী আসামী ফয়সালের নাকে ঘুষি মারলে ফয়সালও তাকে মারধর করে। একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু দিয় নুর নবী হোসেনকে পেটের দুই পাশে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ২৪ঘন্টার পূর্বেই আসামি মো. শাহ পরান প্রকাশ ফয়সালকে (৪০) গ্রেফতার করে। রবিবার গভীর রাত ২টায় দাগনভূঞা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস বলেন,আসামী জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ব্যবহৃত চাকুটি মহিপাল ফ্লাইওভারের নিচে একটি পরিত্যক্ত গর্ত হতে জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।