শহর প্রতিনিধি : কবিতাকে কেন্দ্র করে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও ভাব বিনিময়ের মাধ্যমে সাহিত্যচর্চার পরিবেশ তৈরি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ফেনী স্কিল ক্লাবের উদ্যোগে ‘কবিতাঙ্গন’ শীর্ষক কবিতা পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ফেনীর নবীন চন্দ্রসেন কালচারাল সেন্টারের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন কবিতা পাঠ করেন এবং কবিতার বিষয়বস্তু, ভাষা, অনুভূতি ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও ভাববিনিময়ের গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফতেখারুল ইসলাম, আবিদ হোসেন, নিগার সোলতানা, সুমাইয়া বিনতে কামাল, রাবেয়া আক্তার ঋতু, কামরুন নাহার ফারহানা, মারেফা তাসমিন, রিহান চৌধুরী ও জয়া জান্নাত, মুহাইমিন তাজিমসহ ফেনী স্কিল ক্লাবের সদস্য ও সাহিত্যপ্রেমীরা।
আয়োজকরা জানান, ‘কবিতা মানুষের মানুষকে আরও কাছে আনে’ এই ভাবনাকে সামনে রেখে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পাঠাভ্যাস, মুক্তচিন্তা ও সৃজনশীলতা বিকাশে কাজ করতে চায় ফেনী স্কিল ক্লাব।
অনুষ্ঠানে কবিতা পাঠ, বিশ্লেষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত ভাববিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।