শহর প্রতিনিধি : ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় নিম্নমানের শিশু খাদ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি প্রতিরোধে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা ও অপর আরেকটি প্রতিষ্ঠানকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং কয়েকজন ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকে সতর্ক করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১টা থেকে ফেনী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের ট্রাংক রোড এলাকার ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল সংলগ্ন এলাকায় নিম্নমানের সস ও অস্বাস্থ্যকর নোংরা তেঁতুল দিয়ে বিশেষ ধরনের টক তৈরি করে ভেলপুরি বিক্রি করতে দেখে ভ্রাম্যমাণ ওই বিক্রেতার টক ও সস জব্দ করে ধ্বংস করা হয়। একই এলাকায় ‘ফুড প্যালেস’ নামের আরেকটি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের পোড়া তেল সংরক্ষণ করে তা দিয়ে চিকেন, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকাসহ বিভিন্ন মুখরোচক খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া খাবারের উপকরণ হিসেবে লেবেলবিহীন নিম্নমানের সস ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন ট্রাংক রোড এলাকায় ‘নবী ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শহরের বিভিন্ন এলাকায় নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির সঙ্গে জড়িত একাধিক ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকে সতর্ক করা হয়।