শহর প্রতিনিধি : চাঁদাদাবীর ঘটনায় বিএনপি নেতা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাসুদ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রবিবার জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন ও সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এনায়েত উল্যাহ স্বপন বাদি হয়ে মাসুদকে আসামী করে মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. আবু জাহের বাদল মামলা দুটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করতে ফেনী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার এজাহারে রতন উল্লেখ করেন, ফেনী শহরের এসএসকে সড়কে তাকে মারধর করা হয় এবং বড় বাজার এলাকায় হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলেও তারা দাবি করেন।
তিনি আরো উললেখ করেন, সম্প্রতি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী সড়কের সংস্কারকাজ শেষ করার পর মাসুদ ও তার সহযোগীরা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন রতন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে।
অন্যদিকে স্বপন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী এনায়েত উল্যাহ স্বপনও কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ করেছেন। তার দাবি, বিভিন্ন স্থানে ঠিকাদারি কাজের জন্য তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, আদালতের আদেশের কপি এখনো থানায় পৌছেনি। কপি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে