অক্টোবর ৭, ২০২৬ ১৩:২৯

ফেনীর ১৫৩ মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি


শহর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সভার সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, ৪ বিজিবি ফেনী ব্যাটলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট ফাতিমা সুলতানা, এনএসআই ফেনীর যুগ্ম-পরিচালক সৈকত চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম ফাহাদ, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হীরা লাল চক্রবর্তী, বর্তমান সভাপতি এডভোকেট সমির চন্দ্র কর ও সাধারণ-সম্পাদক শান্তি চৌধুরী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তপন করসহ প্রমুখ।
সভায় জানানো হয়, এবার জেলার ১শ ৫৩টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। এরমধ্যে ফেনী সদর উপজেলায় ৬৫টি, ফুলগাজী ৩৪টি, ছাগলনাইয়ায় ৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগণভূঞায় ১৯টি ও পরশুরাম উপজেলায় ৭টি।
এসময় সভায় মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, মন্ডপে স্বেচ্ছাসেবক নিশ্চিত করা,নারী ও শিশু দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

আমরা একটা আনন্দ মুখর
পূজা উৎসব উপহার দিবো
-জেলা প্রশাসক


জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘সুন্দর একটা শারদীয় উৎসব যেন উপহার দিতে পারি সে জন্য আমরা কাজ করবো। পুলিশ তো কাজ করবেই, প্রশাসনের সকল সেক্টর কাজ করবে। আমরা একটা আনন্দমুখর পূজা উৎসব উপহার দিবো। ফেনীর মানুষ যেন নিরাপদে পূজা উদযাপন করতে পারে সে জন্য আমরা কাজ করে যাবো৷ নিরাপত্তা বিষয়ে প্রশাসন তো কাজ করবেই। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ যেন নিশ্চিত করা হয় সে বিষয়েও আমরা কাজ করবো। লোডশেডিং হলে তা যেন বিশেষ করে যেসব মন্ডপে পূজা হবে সিডিউল অনুযায়ী লোডশেডিং দেওয়া হবে।’

পূজা চলাকালীন সময়ে মদ খেয়ে
নাচানাচি করলে কোনো ছাড় নয়
-পুলিশ সুপার


পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘পূজা উদযাপন করার সময় অনেক তরুণ মদপান করতে পারে, করে এটা বলবো না, কিন্তু করতে পারে বা বন্ধুদের সাথে নিয়ে করে নাচানাচি করতে পারে, তাদের বিষয়ে আমরা কঠোর থাকবো। পূজা চলাকালীন সময়ে মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় নয়। যেই করবে তাকে আমরা ধরে নিয়ে আসবো। এনিয়ে আপনারা যেন সচেতন থাকেন। আর এখানে নাশকতাকারীকে কোন প্রশ্রয় দেওয়া হবে না৷ আমরা সবাই মিলে নিরাপত্তা দিবো৷ ইতিমধ্যে আমি আরো পুলিশ চেয়েছি৷ নিরাপত্তা নিয়ে যা প্রয়োজন আমি সবে করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!