জুন ৬, ২০২৬ ০৩:০৪

ধলিয়ায় খাল দখল করে সারি সারি দোকান অফিস করেছেন বিএনপি নেতাও

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে খাল দখল করে ব্যক্তিগত কার্যালয় গড়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন জসিম। ছব্বিশের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ধলিয়া বাজারের পূর্ব পাশে থাকা গজারিয়া খালের একটি অংশের উপর কার্যালয়টি নির্মাণ করেন। ওই খালের উপরে আরো অন্তত ৫০টি দোকান নির্মিত হয়েছে। ওই বাজারে সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে।


সরেজমিনে দেখা যায়, ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ধলিয়া বাজারের পূর্ব পাশে গজারিয়া খালের উপর ইটের ঘর নির্মাণ করেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম। তার কার্যালয় ছাড়াও নবনির্মিত মার্কেটটিতে আরো ৩টি দোকান রয়েছে।


স্থানীয়রা জানান, ৫ আগস্টের পটপরিবর্তনের আগে খালের জায়গাটা ফাঁকা ছিল। পাশে কাঠের একটি মুদি দোকান ছিল। ১৯৯৯ সালে এখানে জাতীয় পার্টির কার্যালয় ছিল। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এলে উচ্ছেদ অভিযানের সময় ভেঙ্গে ফেলা হয়। এখন নতুন করে জসিম নিজের কার্যালয় তৈরি করেন। এই কার্যালয়ে বিভিন্নসময় ইউনিয়ন বিএনপির বৈঠকাদি হয়।


জানা গেছে, দখলে-দূষণে অস্তিত্ব হারাতে বসেছে গজারিয়া খাল। এই খালের উপরে আরো অন্তত ৫০টি দোকানঘর রয়েছে। এখানে অত্র ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি ৮টি দোকান নির্মাণ করেন।


এছাড়া একটি দোকান থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে থাকেন। কার্যালয়ের ডানপাশে থাকা ৮টি দোকান থেকে ভাড়া নেন রহিম নামে আরেকজন ব্যক্তি। অন্যদিকে বাজারের বোর্ড অফিস রোডে রয়েছে ৪টি দোকান। খালের উপর নির্মিত কাঠের রেস্টুরেন্ট থেকে মফিজ নামে সৌদি আরবের এক প্রবাসী ভাড়া নিয়ে থাকেন। এছাড়া সোনাগাজীগামী সড়কে বোর্ড অফিসের ডান পাশে রয়েছে আরো ২৮ থেকে ৩০টি দোকান।


ধলিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, খালটি পানি উন্নয়ন বোর্ডের মালিকীয়। খাল দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, তহসিলদারকে সরেজমিনে পরিদর্শনের জন্য বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!