জুন ৬, ২০২৬ ০৩:০৪

ফেনী সদরে ১১ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলে জরাজীর্ণ ভবনে


সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। দীর্ঘদিন ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানানো হলেও কার্যত কোন উদ্যোগ নেই। ফলে যেকোনো সময়ে দূর্ঘটনার আশংকায় অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪৫সালে প্রতিষ্ঠা হয়। এই বিদ্যালয়ে ১৭০জন ছাত্র-ছাত্রী রয়েছে। ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। মাঝে মধ্যে এই ভবনটিতে পলেস্তরা খসে পড়ে। শুধু এই বিদ্যালয়টি নয়, উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন জীর্ণদশা বিরাজ করছে।


সম্প্রতি উপজেলা পরিষদের সমন্বয় সভায় এই তথ্য তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভিন। ওই সভায় ফেনী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।


প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলিয়া ইউনিয়নের অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীদহ ইউনিয়নের চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীরবাগ ইউনিয়নের মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোটবী ইউনিয়নের কসবা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।


পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সংগ্রাম কুমার লোধ জানান, ভবন সংকটের কারণে দুটি কক্ষে ক্লাস নিতে হচ্ছে। ভবনের যে অবস্থা যে কোনো মুহুর্তে ছাদের পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে। শিক্ষার্থীরা নিরাপদে ক্লাস করতে পারছেনা।


উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভিন জানান, জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করছি দ্রুত সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!