সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০০:৪৯

ফরহাদ নগরে যুবদল নেতা শহীদ হারুনের বাড়ি উদ্বোধন ও চাবি হস্তান্তর শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে শিশুদেরও খুন করেছে: রিজভী


সদর প্রতিনিধি :

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদ এর পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’র দেয়া বাড়ি উদ্বোধন ও স্বজনদের নিকট চাবি হস্তান্তর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের এসএসকে সড়কে যুবদলের মিছিলে পুলিশের গুলিতে হারুন নিহত হন। উদ্বোধনের আগে দুপুর সাড়ে ১২টায় ভোর বাজারে জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ শহীদ মো. হারুনুর রশিদের স্বরণে স্বরণ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এক দু:সময় অতিক্রম করেছি। আমরা এক অন্ধকার সময় অতিক্রম করেছি। বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিরোধী মত পোষণ করতেন, বিরোধী দল করতেন তাদের বাঁচার অধিকার ছিলো না। সুন্দর জীবনযাপনের অধিকার ছিলো না। বাড়িতে ঘুমানোর অধিকার ছিলো না। কে কখন গুম, খুনের শিকার হতো এমন একটা সময় পার করেছি আমরা। এ রকম এক ভয়াবহ হিংস্র রাজত্বের মধ্যে পথ অতিক্রম করতে হয়েছে। কারো লাশ জমির দ্বারে, কারো লাশ খালের দ্বারে পড়ে থেকেছিলো শেখ হাসিনার ১৭বছরের শাসনামলে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য স্কুলের বাচ্চা-শিশুরাও হত্যা থেকে রেহাই পায়নি। দেশের প্রত্যেকটি জায়গায় শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ বাহিনী, র‍্যাব রক্ত ঝরিয়েছে, রক্তের বন্যা বহিয়েছে। তাদের আরেক শিকার এ এলাকার শহীদ হারুন। তারও বেঁচে থাকার ইচ্ছে ছিল। সে দলের একজন ছোট্ট কর্মী। তার স্বপ্ন ছিল, তার আশা ছিল সেও বাঁচবে। তার ইচ্ছে ছিল সে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু তাকে তারা বাঁচতে দেয়নি। শুধুমাত্র একটা আদর্শের জন্য তাকে হত্যা করা হয়েছে। হারুন টাকা পাচার করেনি। হারুন মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেনি। সে কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে।’

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, নরসিংদী ৫ আসনে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক  ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের সংসদ সদস্য,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দীন মজুমদার ও মশিউর রহমান বিপ্লব।

এসময় বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ হারুনের স্ত্রী বিবি জোহরার  নিকট চাবি হস্তান্তর করা হয়। এসময় শহীদ হারুনের বড় মেয়ে মাজেদা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তর শেষে দলীয় নেতা-কর্মীরা তার কবর জিয়ারত করেন।

চোর, গুন্ডা, বদমাশদের ত্যাগ
করে সুন্দর সমাজ গড়বো
-ভিপি জয়নাল


ফেনী- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের পাশে আমি ছিলাম এবং থাকবো। আপনাদের জন্য প্রয়োজনে লড়াই করে যাবো।’
তিনি বলেন, ‘আমরা বর্তমানে ক্ষমতায় আছি চোর, গুন্ডা, বদমায়েশ, ডাকাত এদের ত্যাগ করে সুন্দর সমাজ গড়ে তুলবো। আমরা প্রতিজ্ঞা করতেছি আমরা সুন্দর সমাজ উপহার দিবো।’

বিএনপি বিগত সময়ের
ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে
-এমপি মজনু


ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘বিএনপি জনগণের দল। বিএনপি কর্মী বান্ধব দল। বিগত ফ্যাসিবাদ সময়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ হারুনের পাশে আমরা শুরু থেকে ছিলাম আমি এসেছি এ বাড়ীতে। বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে।’

শেখ হাসিনা ভেবেছিলো কেয়ামত
পর্যন্ত ক্ষমতায় থাকবে
-এমপি রানু

রেহানা আক্তার রানু বলেন, ‘শেখ হাসিনা হারুনদের মত অনেককে হত্যা করে ভেবেছিলো কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। কিন্তু সে শেখ হাসিনা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি। আল্লাহর বিচার, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!