সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৪:০২

ফেনীতে আঞ্চলিক আন্ত:ধর্মীয় সংলাপ ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার অঙ্গীকার


শহর প্রতিনিধি : ফেনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ‘স্থায়িত্বশীল শান্তি ও আন্ত:ধর্মীয় সম্প্রীতি  বর্তমান বাস্তবতা ও আমাদের অঙ্গীকার’ শীর্ষক আঞ্চলিক আন্ত:ধর্মীয় সংলাপ গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক আঞ্চলিক কো-অর্ডিনেটর ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।


পিএফজি ফেনী সদর কো-অর্ডিনেটর মোরশেদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জাসদ ফেনী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন সাচ্ছু, জেলা মহিলাদলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, এবিপার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের আঞ্চলিক কো কো-অর্ডিনেটর নাজনিন নাহার নিপা ও কামরুল হাসান লিটন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান দারা, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিতা, পরশুরাম প্রেসক্লাব সভাপতি এমএ হাসান প্রমুখ।
এসময় ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ-সম্পাদক হাফেজ জাকির হোসেন, হিন্দুধর্মের পূরোহীত নারায়ণ চক্রবর্তী, খ্রিস্টান ধর্মের সুদির সরকার ও বৌদ্ধ ধর্মের জোতিষ বড়ুয়া। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ রাসেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাসির উদ্দিন। ঘোষণাপত্র পাঠ করেন পিস অ্যাম্বাসেডর গ্রুপ পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর জোহরা আক্তার রুমা।

প্রতিটি ধর্মে শান্তির বার্তা আছে
আল আমিন সরকার


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ‘প্রতিটি ধর্মে কিন্তু শান্তির বার্তা আছে। আর সম্প্রীতি শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, আমাদের সম্প্রীতি রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন, সম্প্রীতি পরিবারের ক্ষেত্রে প্রয়োজন। সাংস্কৃতিক ক্ষেত্রে সম্প্রীতি প্রয়োজন। সম্প্রীতি শুধু বললে হবে না, আমাদের তা মানতে হবে। আমাদের সচেতন করতে হবে এবং নিজে সচেতন হতে হবে।’

‘সম্প্রীতিটা আসলে সকল
ধর্মের মধ্যে রয়েছে
নাজমুস সাকিব


বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক নাজমুস সাকিব বলেন, ‘সম্প্রীতিটা আসলে আমরা সকল ধর্মের মধ্যে থেকে থাকে। আমরা সাধারণত এ বিষয়কে ইমামদের প্রতিবারে নির্দেশনা দিয়ে থাকি। কারণ আমাদের দেশে ইমামরাই বেশি। তারা যথেষ্ট বুদ্ধিমান ও তারা বুঝে।
এজন্য আমরা তাদের মাধ্যমে সম্প্রীতি যেন নষ্ট না হয় সেটা চেষ্টা করে। এছাড়া সকল ধর্মের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন কোন ধর্মীয় নেতা যেন উস্কানি না দিয়ে থাকি।’

আমরা এখন সম্প্রীতির
ভালো সময়ে আছি
গাজী মানিক


জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, ‘আমরা এখন সম্প্রীতির ভালো সময়ে আছি। এখন ধর্মীয় সংঘাত নেই বললেই চলে। এটা দাবানলের মত। এই দাবানল ছড়িয়ে গেলে তখন আর থামানোর সুযোগ থাকে না। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এসব বিষয়কে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, কোনো রকম অবহেলা করা যাবেনা। আমরা সতর্ক থাকলে সংঘাত এড়ানো সম্ভব।

ফেনী সম্প্রীতিতে অনেক দূরে এগিয়েছে
শাহাদাত হোসেন


সভাপতির বক্তব্যে দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের মধ্যে যে সম্প্রীতিটা রয়েছে সেটাকে আরও সুদৃঢ় করার জন্যই আমাদের এ আয়োজন। আমরা মনে করি আমাদের ফেনী সম্প্রীতিতে অনেক দূরে এগিয়েছে। আমাদের এখানে সম্প্রীতি রক্ষায় রাজনীতিবিদরা যেমন কাজ করেছে, তেমনি সমাজের অন্যান্যরাও কাজ করেছে। আমাদের মধ্যে যে সম্প্রীতি নষ্ট হয় এটার অন্যতম কারণ হলো ধর্মীয় জ্ঞান না রাখা। আবার অনেক সময় ব্যক্তিগত বিষয়ও ধর্মকে ব্যবহার করা হয়। তবে আমাদের ফেনী অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি যেটা রয়েছে এটা ঐতিহাসিক। আমরা চাই আমাদের সে সম্প্রীতি যেন বিনষ্ট না হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!