শহর প্রতিনিধি : ফেনীতে দৈনিক প্রথম আলো ও বন্ধু সভার উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৭ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়াম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার।
ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা মোশাররফ হোসেন ও বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ও ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থী রাইসা ফারুকের যৌথ সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর হেড অব রিপোটিং টিপু সুলতান।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান পত্রিকাটির ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
অতিথির বক্তব্যে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার বলেন, ‘জিপিএ ৫ জীবনের সাফ্যল নয়, তোমাদের সুনাগরিক হতে হবে। জীবনকে কাজে লাগাতে হবে। কিছুদিন পর এই ক্যাম্পাসে তোমরা পদচারণা করবে। কলেজ আলোকিত হবে। অনেক জিপিএ ৫ প্রাপ্ত কৃতি এইচএসসিতে হয়তো ফেলও করবে। তোমাদের এই জিপিএ ৫ এইচএসসিতে ধরে রাখতে হবে। কলেজে এসে নিজে মনে করো স্বাধীন, তবে এই স্বাধীনতা তোমাদের কিশোর গ্যাং, স্বেচ্ছাচারিতা তোমাদের কে ধ্বংস করে ফেলতে পারে। তোমরা ভালো মানুষ হয়। তোমরা এইচএসসি সহ পরবর্তীতে আরও ভালো সাফল্য অর্জন করো।’
কৃতি শিক্ষার্থীদের বাবা ও মা দের উদ্দেশ্যে এনামুল হক খন্দকার বলেন, ‘আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, তা লক্ষ্য করা আপনাদের দায়িত্ব। আপনারা তাদের চাহিদা পূরণ করতে গিয়ে মোটর সাইকেল, মোবাইল হাতে তুলে দেন। তাঁদের আর খোঁজখবর নেয় না। তারা মাদকের সাথে জড়িয়ে পড়ে। সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন তারা এই দেশের সম্পদ। ‘তিনি বলেন, “দেশ সেরা গণমাধ্যম প্রথম আলো ২০২৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও অনুপ্রেরনা যোগাবে।’
কৃতি শিক্ষার্থীদের মাদক, মিথ্যা, মুখস্থ মানে তিন ‘ম’ থেকে দূরে রাখার আহ্বান জানান দৈনিক প্রথম আলোর হেড অব রিপোটিং টিপু সুলতান। তিনি বলেন, ‘এই জিপিএ ৫ তোমার জীবন ধরে রাখতে হবে। আজকের এই দিন উপভোগ করো। তোমাদের জয় মানে, বাংলাদেশের জয়। আমরা তোমাদের সাফল্য কে অভিনন্দন জানাই। আমরা চাই আগামীতে তোমরা বিজ্ঞান, সাহিত্যে, ভাষায় সমৃদ্ধ হও। প্রথম আলো ভালো সহায়ক হিসেবে তোমাদের পাশে থাকছে। তোমরা প্রথম আলো, বিজ্ঞান চিন্তা, কিশোর আলো, প্রথম আলো’র ফিচার নিয়মিত পড়ো। প্রথম আলো চায় তোমরা ভালো শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ভালো মানুষ, আলোকিত মানুষ হও।”
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইলি স্টারের ফেনী সংবাদ দাতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। কৃতি শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমি থেকে জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির ও শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী।