নিজস্ব প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই বছর ৮অক্টোবর হতে ২৯অক্টোবর পর্যন্ত ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। ‘মা ইলিশ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর জেলেপাড়া এলাকায় এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারি মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল, নবাবপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য আগামী ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ অভিযান সফল ও মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২দিনের নিষেধাজ্ঞা সময়ে দেশের ইলিশ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে উক্ত বিধিনিষেধ সঠিকভাবে প্রতিপালনের জন্য অনুরোধ রইল। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে নদী ও সাগরে মাছ ধরলে দুই বছরের জেল-জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির কথা জানান।
তিনি বলেন, এসময়ে সোনাগাজী উপজেলার চর দরবেশ, চর চান্দিয়া, সদর, আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের সমুদ্রগামী নিবন্ধিত ইলিশ শিকারী ৪শ জন জেলে পরিবারকে সরকারি ভাবে ২৫কেজি করে চাল দিয়ে সহায়তা করা হবে।