অক্টোবর ৭, ২০২৬ ১৪:২৮

ফেনীতে ৯দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন


শহর প্রতিনিধি : ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে অপহরনের ৯দিনেও খোঁজ মিলেনি মাদরাসা ছাত্র মাহফুজুর রহমান ইমনের। তার সন্ধান দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছে স্বজন,সহপাঠি ও এলাকাবাসী। ইমন বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদরাসার ৭ম শ্রেনির ছাত্র ও স্থানীয় পঁচি ফকির বাড়ির শহীদুল ইসলাম সুজনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শহীদুল ইসলাম সুজন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ছোট ছেলে ইমন পড়াশোনার পাশাপাশি বাবার অটোরিকশা নিয়ে বের হয়। অন্যদিনের মত গত ২৮সেপ্টেম্বর বের হয়ে বাসায় ফেরেনি ঈমন। এ ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়। এর দুইদিন পর পুলিশ ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে অটোরিকশাটি উদ্ধার করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন ও মাতা মোমেনা বেগম, ভাই মোশাররফ হোসেন জাবেদ, স্থানীয় সমাজকর্মী ছালাউদ্দিন মামুন, মাওলানা হাসান আহমদ, মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন মিন্টু প্রমুখ।
ঈমনের মাতা মোমেনা বেগম বলেন, ‘আজ নয়দিন হয়ে গেছে। আমি এখনো আমার ছেলের খোঁজ পাইনি। আমার ছেলে মৃত হোক বা জীবিত হোক, আমার ছেলেকে ফিরিয়ে দিন। ভাই- বোনেরা আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
ছেলের বাবা শহীদুল ইসলাম সুজন বলেন, ‘গত নয়দিন সবার ধারে ধারে ঘুরতেছি, আমার ছেলের কোন খোঁজ পাচ্ছি না। আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে কিছুই জানি না। আমার ছেলে ফেরত চাই। কিছু চাই না, শুধু আমার ছেলেকে ফেরত দিন।’
মেজো ভাই মোশাররফ হোসেন জাবেদ বলেন, ‘৯দিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমার ভাইকে পাইনি। মডেল থানায় জিডি করার পরও পুলিশ আমার ভাইয়ের খোঁজ এখনো দিতে পারিনি। প্রশাসন কোন কাজে করছে না। আমরা অনুরোধ করবো আমার ভাইয়ের সন্ধান যেন দেয়া হয়। আমার ভাইকে আমরা ফেরত চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!