অক্টোবর ১২, ২০২৬ ০৩:৫১

পরশুরামের বক্সমাহমুদ বাজারে অগ্নিকান্ডে ৯দোকান পুড়ে ছাই


পরশুরাম প্রতিনিধি : পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৯টি দোকান। শুক্রবার দিবাগত রাতে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে লাইব্রেরীর পাশে এক মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল কাদের মিনার জানান, উপরে টিনসেড থাকায় এবং বাঁশের ছাউনি থাকায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় তার ৭লাখ টাকা ক্ষতি হয় বলে তিনি জানান।
সেখানে ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা হলেন, নুরুল আমিন (রবিন), মাইফুল, নিজাম উদ্দিন, মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন। তারা জানান, তাদের আয়ের একমাত্র উৎস ছিলো এই দোকানগুলো।
অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে যান পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।এছাড়া পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বাদশা, পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপনসহ বাজার কমিটির সভাপতি ও সম্পাদকরা ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা যায়, এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বক্সমাহমুদ বাজারের গোলাম আজম মার্কেটে আগুন লাগে। এতে বীজ, চা ও মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। সেই ক্ষয়ক্ষতির স্মৃতি মুছে যাওয়ার আগেই আবারও আগুনে পুড়ল বাজারের ৯টি দোকান। এছাড়া ২০২১ সালের ১৮এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে বক্সমাহমুদ বাজারের মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। সে আগুনেও বহু ব্যবসায়ী পুঁজি ও জীবিকার অবলম্বন ধ্বংস হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!