নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকার করার অভিযোগে ৩হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল শনিবার দুপুর-বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইউসুফ মিয়া।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার দুপুর থেকে বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে অভিযানে মা ইলিশ সংরক্ষের জন্য নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে নদী থেকে ৩ হাজার মিটার চর ঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জনসমুক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। ২৯অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে সরকার। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৯অক্টোবর মধ্যরাত পর্যন্ত।