মার্চ ৬, ২০২৬ ১৩:৪৮

লালপোলে সরকারি জায়গা বন্দোবস্তনিয়ে দোকান-মার্কেট নির্মাণ

পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় জলাবদ্ধতার আশংকা

সদর প্রতিনিধি :
ফেনী শহরতলীর লালপোল এলাকায় সরকারি জায়গা বন্দোবস্ত নিয়ে দোকান-মার্কেট নির্মাণের হিড়িক চলছে। একইভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশালাকৃতির ডোবায় ময়লা-আবর্জনা ফেলে ভরাট করছে একটি চক্র। ফলে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর, বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া ও পৌরসভার মধুপুর এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয়রা। দখল-বেদখলের সাথে প্রভাবশালী মহল জড়িত থাকায় এলাকার মানুষ ভয়ে মুখ খুলছেনা।

সরেজমিনে দেখা গেছে, লালপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণ করছেন জনৈক সোহেল আহমদ। তিনি সামাজিক বনায়নের নামে স্বল্পমেয়াদী বন্দোবস্ত নেন। এর আগেই মিজানের পূর্ব পাশের জায়গার মালিক মো: আবদুল মুনাফ, ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ, জয়নাল আবেদীন ও মো: সেলিমগং পানি নিষ্কাশনের একমাত্র খালের উপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে আছে। গোবিন্দপুর এলাকার পানি নিষ্কাশনের জন্য কালভার্ট থাকলেও দোকানঘরের কারনে সেটি সরু হয়ে গেছে। তাছাড়া মসজিদ ও মহাসড়কের মাঝামাঝি বিশালাকৃতির ডোবা আগেই বেদখল করে বাঁধ দেয়া হয়েছে। সেখানে ময়লা-আবর্জনা ফেলায় এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

একটি সূত্র জানায়, সোহেল আহমেদের বাড়ির সামনে জায়গা কিনে প্রবাসী মিজান কালভার্টের পাশে মিজান টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণাধীন ভবনের সামনে এলাকার পানি নিষ্কাশনের খালের উপর দোকান ঘর নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মিজানের ছেলেকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়।

ওই সূত্র আরো জানায়, ইতিমধ্যে গত ১৭ জুলাই জেলা যুবদলের সদস্য এম, ফখরুদ্দিন ভুঁইয়া জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে লিখিত অভিযোগ দেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন ফেনীর সময় কে বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন