শহর প্রতিনিধি :
ফেনী আলিয়া কামিল মাদরাসা থেকে বরখাস্ত হওয়া মাহমুদুল হাসান অনিয়ম-দূর্নীতির দায় নিয়েই অধ্যক্ষ পদে পুনরায় যোগ দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী সহ সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাদের মতে, একজন দুর্নীতিবাজ ও চরিত্রহীন ব্যক্তি বিচারের আওতায় না এসে কোন ক্ষমতাবলে পুনরায় অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন। তিনি যোগ দেয়ায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রশ্নবিদ্ধ হয়েছে। একইসঙ্গে কাদের সঙ্গে নিয়ে মাদরাসায় ফিরেছেন এনিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার হঠাৎ করে মাদরাসায় এসে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন মাহমুদুল হাসান। এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঞা, দাতা সদস্য নোমান শিকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েলসহ কয়েকজন তার সঙ্গে ছিলেন। তিনি অধ্যক্ষের চেয়ারে বসে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মনিরা হকের কাছে তার যোগদানপত্র জমা দেন।