জুলাই ২২, ২০২৬ ১৪:৫৮

ফুটপাত দখলমুক্ত করতে ফেনী শহরে ফের অভিযান

পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ

শহর প্রতিনিধি :

ফেনী শহরকে যানজটমুক্ত ও ফুটপাত চলাচলের উপযোগী করে তুলতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট, শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, কলেজ রোড ও সদর হাসপাতাল মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অভিযানে অংশ নেন। পুলিশ সুপার ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় উচ্ছেদ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এবং ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেয়া হয় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় পৌরসভার কর্মচারীরা ফুটপাতে অবৈধভাবে রাখা বেশ কিছু মালামাল জব্দ করে নিয়ে যায়।

এদিকে অভিযানকালে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনের বিরুদ্ধে ফুটপাত দখল ও মোটর সাইকেল পার্কিংয়ের জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। বিশেষ করে শহরের জেল রোডের মোটর সাইকেল পার্কিং দখল করে সেখানে দোকান গড়ে তোলা হয়েছে। এসব নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, এসব অনিয়মের কারণেই শহরের কেন্দ্রস্থলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং অবৈধভাবে ফুটপাত দখলের ফলে জনসাধারন চলাচল ব্যহত হচ্ছে। অন্যদিকে অভিযান চলাকালে দায়িত্বে থাকা সাংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠছে মো. সামছুদ্দিনের বিরুদ্ধে।

অভিযান শেষে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিজ থেকে সচেতনতা বাড়াতে হবে, অন্যথায় ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখা কঠিন। জনস্বার্থ ও শহরের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!