* হাঁসের ডিমের হালি ৮০টাকা, মুরগির ডিমের হালি ৫২টাকা
নিজস্ব প্রতিনিধি : সোনাগাজী উপজেলায় অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। কয়েকদিনের ব্যবধানে খুচরা ও পাইকারি পর্যায়ে হাঁসের ডিম হালিতে ১৫ থেকে ২০টাকা বেড়েছে। মুরগির ডিমের দাম বেড়েছে হালিপ্রতি ১০ থেকে ১২টাকা। বিদ্যুৎ, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, পরিবহন, শ্রমিকদের মজুরি ও উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে ডিমের দাম বেড়েছে বলে দাবি করেন ব্যবসায়ী ও খামারিরা। গতকাল শনিবার সোনাগাজী পৌর বাজার, ওলামা বাজার, বক্তারমুন্সি বাজার, কাজীরহাট, কুটিরহাট ও মতিগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে মুরগির ডিম প্রতি হালি ৪০টাকা ও খুচরা পর্যায়ে ৪৪টাকায় বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে ৫০ ও খুচরা পর্যায়ে ৫২টাকায় বিক্রি হচ্ছে। ৬০টাকা হালির হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০টাকায়।
সোনাগাজী পৌর শহরের ডিমের বাজারে ৮ থেকে ১০টি ডিমের আড়ত আছে। পাইকারি এ বাজারে শনিবার লেয়ার মুরগির প্রতি হালি ডিম ৫২ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি সাদা কক মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি হালি ৪৮ টাকা দরে। অন্যদিকে শহরের মুদিদোকান গুলোতে লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৫৬ টাকা, সাদা ডিম ৫২ টাকা ও হাঁসের ডিম ৭৮ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ডিম কিনতে আসা স্কুলশিক্ষক এনামুল হক বলেন, গত শনিবার তিনি প্রতি হালি ডিম কিনেছেন ৪২টাকায়। এক সপ্তাহের ব্যবধানে আজ একই দোকানে সেই ডিম ৫২ টাকা হালি চাচ্ছে।
মিজানুর রহমান নামের এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তিনি এক হালি হাঁসের ডিম কিনেছেন ৬০টাকায়। তবে আজ দোকানে গিয়ে দেখেন, সেই ডিম একলাফে ৮০টাকা হয়ে গেছে। তবে দাম বাড়লেও লাভ বাড়েনি বলে দাবি করেন খুচরা ও পাইকারি ডিম ব্যবসায়ীরা। ডিমের বাজারও সিন্ডিকেটের দখলে চলে গেছে।
ডিম ব্যবসায়ী কানাই লাল দাস বলেন, মুরগির খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এ কারণে পাইকারি বাজারে ডিমের দাম বেড়েছে। আগে প্রতি হালি ডিমে দুই থেকে তিন টাকা লাভ হতো। লাভের পরিমাণ এখনো আগের মতোই আছে। তবে ওমর ফারুক নামে একজন খামারী বলেন, শনিবার সকালে তিনি তাঁর খামার থেকে প্রতিটি ডিম ১১ টাকা ৪০ পয়সা ধরে সাড়ে পাঁচ হাজার ডিম বিক্রি করেছেন। অথচ ব্যবসায়ীরা খামার থেকে কম দামে ডিম কিনে বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করছে। এটি হতাশা জনক।
ডিমের আকস্মিক দাম বাড়ার ব্যাপারে সোনাগাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর নবী বলেন, বাজারের প্রায় সব কটি পণ্যের দাম বেড়েছে। তবে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য অতিরিক্ত বাড়িয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতে পারেন। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, ডিমসহ সব ধরনের সবজি ও নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজারে তদারক করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে ডিমসহ সবজির দাম বেড়েছে। কেনা দাম বেশি হওয়ায় বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন তারা। এরপরও অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।