নিজস্ব প্রতিনিধি : ফেনীতে হঠাৎ চড়া লেবুর দাম। কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে বিক্রি হলেও বর্তমানে খুচরা বাজারে প্রতি পিস লেবু ১৫ থেকে ২০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। ফেনী শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আকার ও মানভেদে একেকটি লেবু ১৫-২০টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় এ পণ্যটি কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
খুচরা বিক্রেতারা জানান, আড়তে লেবুর দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। ফলে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বিক্রেতাদের ভাষ্য, বর্তমানে লেবুর মৌসুম না থাকায় স্থানীয়ভাবে উৎপাদন কমে গেছে। ফলে আড়তে আগের তুলনায় কম পরিমাণে লেবু আসছে। সরবরাহ কমে যাওয়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
একজন খুচরা বিক্রেতা বলেন, ‘আমরা ইচ্ছা করে লেবুর দাম বাড়াইনি। আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’
ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন লেবুর দামও বাড়ায় তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হলে লেবুর দামও কমে আসবে বলে আশা করছেন তারা।
ব্যবসায়ীদের মতে, লেবুর উৎপাদন ও সরবরাহ বাড়লে আগামীতে বাজারে এর দাম কিছুটা কমতে পারে। জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. হারুন উর রশিদ জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। গত ১৫দিনে লেবুর দাম একটি বেশি ও সাইজও অনেক ছোট। সিজন শেষ হওয়ায় এখন তো উৎপাদন নেই বাগানের শেষ লেবু গুলো এখন মালিকরা বিক্রি করছে।