সর্বশেষ সংবাদ :

    • দৈনিক ফেনীর সময় নতুন ‍আঙ্গিকে পরীক্ষামূলক সম্প্রচার চলছে....

আজ ৪ জ্যৈষ্ঠ ১৪২০ বঙ্গাব্দ | |

আন্দোলনে গতিহারা বিএনপি

 

বিশেষ প্রতিনিধি :
রাজপথের আন্দোলনে গতি হারিয়ে ফেলেছে প্রধান বিরোধী দল বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে রাজপথে একের পর এক আন্দোলন র্কমসূচি আর আল্টিমেটাম দিয়েও সরকারকে চাপে রাখতে পারছে না দলটি।
দলের চেইন অব কমান্ড ভেঙে পড়া, বিভিন্ন সময়ের ভুল সিদ্ধান্ত, সাংগঠনিক দুর্বলতা, জনদুর্ভোগের ইস্যুকে কাজে না লাগাতে পারা, পুলিশি দমন ও দলের শীর্ষ নেতাদের হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হওয়াকেই গতি হারানোর কারণ বলে দাবি করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে, রাজপথে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে চাপে রাখার জন্য বিএনপির হাতে রাজনৈতিকসহ জনদুর্ভোগের অসংখ্য ইস্যু ছিলো। এসব ইস্যু কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটি। একইসঙ্গে বিভিন্ন সময়ে নেয়া ভুল সিদ্ধান্তের ফলে ইস্যুগুলো হাতছাড়া হয়ে গেছে। এসব ইস্যুতে যুৎসই আন্দোলন করে রাজপথ দখল করতে না পারায় উল্টো বিএনপিই এখন চাপে রয়েছে।
দলটির নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক ইস্যুর পাশাপাশি জনদুর্ভোগের ইস্যুগুলোর প্রতি জোর দিয়ে ধাপে ধাপে আন্দোলন অব্যাহত রাখলে আজকের এই পরিস্থিতি হতো না। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সরকারকে একাধিকবার আলটিমেটাম দিলেও তা বাস্তবায়ন করতে না পারায় দলের আরো ক্ষতি হয়েছে।
সিনিয়র নেতারা অভিযোগ করেন, আন্দোলনকে গতিশীল করার জন্য ধাপে ধাপে আন্দোলন দরকার। এর জন্য ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জরুরি। কিন্তু বর্তমান সরকারের আমলে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে গুটিকয়েক নেতাকর্মী ছাড়া সবাই মামলা ও কারাবরণের ভয়ে গা বাঁচিয়ে চলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানালেও সে নির্দেশ মানছেন না তারা। আন্দোলনের গতিতে এসব পদপদবিধারী নেতারা বাধা হয়ে দাঁড়িয়েছেন।
সর্বশেষ গত ৪মে শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন খালেদা জিয়া। দাবি মানা না হলে কঠোর কর্মসূচিসহ লাগাতার অবস্থানেরও ইঙ্গিত দেন তিনি।
এরপর দিনই ১৩ দফা দাবি আদায়ে ঢাকা অবরোধ কর্মসূচির পর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। বিএনপি চেয়ারপারসন শাপলা চত্বরে অবস্থানরত হেফজতে ইসলামের কর্মীদের সহযোগিতা করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান। কিন্তু খালেদা জিয়ার এ আহ্বানে সাড়া দেননি কেউই। বিএনপি নেতাদের এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও এখন পর্যন্ত কোনো কঠোর কর্মসূচি দেয়নি বিএনপি। ফলে আরো চাপে পড়েছে বিএনপি। পাশাপাশি হেফাজতের অবরোধ-অবস্থানকে কেন্দ্র করে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারা সবাই এখন আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
দলের গতিহীন আন্দোলনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘আন্দোলন কখনো গতিহীন হয় না। সরকারের বিভিন্ন কর্মকা-ের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার আমাদের সে অধিকারে বাধা দিচ্ছে। পুলিশ সরাসরি গুলি করছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছে। তারপরও নেতাকর্মীরা আন্দোলনকে বেগবান রাখার চেষ্টা করছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কোন আন্দোলন কখন চূড়ান্ত রূপ নেবে তা আগে থেকে বলা কঠিন। চলমান আন্দোলনকে গণআন্দোলনে রূপান্তরিত করে এ সরকারকে পতনে বাধ্য করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আন্দোলন গতিশীল হওয়া বা না হওয়া বড় কথা নয়, চলমান আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন হবেই।’
তিনি বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নামিনি। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি। কিন্তু সরকার বিএনপিকে দমন করতে বৈধ অবৈধ সব পন্থা ব্যবহার করছে। অতীতে বিভিন্ন সরকারও এমনটা করেছে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, এ সরকারেরও হবে না। জনগণ চাইলে এ সরকারের পতন হবে।’
‘জনগণ যদি না চায়, তাহলে কি বিএনপিরই একার দায়িত্ব পড়েছে সরকারের পতন ঘটানোর’ এমন প্রশ্ন তোলেন তিনি।

 

কনফেকশনারীর আড়ালে মাদক ব্যবসা ॥ কমলা পট্টিতে সাড়ে ৪শ’ বিয়ার উদ্ধার

 

স্টাফ রিপোর্টার :
ফেনী শহরের বড় বাজারের কমলা পট্টির একটি দোকান থেকে ৪শ ৫৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৭)। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাবের ডিএডি মো: জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কমলা পট্টি হাজী আবুল কাশেম মার্কেটে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চলাকালে মারুফ ষ্টোরের মালিক আবদুল মান্নান পালিয়ে গেলে সন্দেহ আরো ঘনিভূত হয়। দোকানের কর্মচারী নাসির উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মাদক থাকার কথা অকপটে স্বীকার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দোকানের পেছন থেকে ৩শ ৩৬ ক্যান বিয়ার ও দোতলার গোডাউন থেকে ১শ ২০ ক্যান বিয়ার উদ্ধার করে। দোকানের মালিক বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দার মাকসুদুর রহমানের ছেলে আবদুল মান্নান (৪০) ও কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কাজী বাড়ী কাজী শাহআলমের ছেলে মো: নাসির উদ্দিন (২৬) কে আসামী করে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়।
র‌্যাব সূত্র জানায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে কনফেকশনারীর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

 

ফেনীতে দেদারছে বিক্রি হচ্ছে পাকানো আম

শহর প্রতিনিধি :
মৌসুমের আম এখনো পুরোপুরি পাকতে শুরু না করলেও শহর ছাড়াও ফেনীর সর্বত্র ‘পাকা’ আমে সয়লাব হয়ে গেছে। আনুপাতিকহারে এ আমের দামও কম। ফলে বিক্রিও হচ্ছে দেদারছে। জানা গেছে, এ আমের সবই কেমিক্যাল দিয়ে পাকানো। হাইকোর্ট এক নির্দেশনায় বাজারে কেমিক্যাল মেশানো ফল বিক্রি হচ্ছে কি না- তা পর্যবেক্ষনের জন্য সরকারকে বললেও এখন পর্যন্ত সে নির্দেশনা ফেনীতে কার্যকর হয়নি। বৈশাখ মাসের শেষ থেকেই ফেনী শহরে পাকা আম উঠতে শুরু করেছে। অথচ ফল ব্যবসায়ীদের মতে আরো ১০-১৫ দিন পরে পাওয়া যাবে। ফলের আড়ৎ তো বটেই ফুটপাতেও বিক্রি হচ্ছে নির্ধিদায়। প্রকারভেদে ৬০-৮০ টাকা ধরে এ আম পাওয়া যাচ্ছে। প্রতিদিন কমবেশি ১ হাজার মণ ‘পাকা’ আম নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই করে ফেনীতে আনা হয়। তাড়াহুড়ো করে আম বাজারজাত করার জন্য অপরিপক্ক আম কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আম ‘পাকানো’র জন্য এখন সর্বত্র কেমিক্যাল পাওয়া যাচ্ছে। প্রভিট, ইডেন, ইথরেল প্রভৃতি কেমিক্যাল ব্যবহারে সব আমই হলুদ রং ধরে যায়।
স্থানীয় আড়ৎদার মালিকদের সূত্র জানায়, এখানে কোন আম পাকানো হয় না। তবে আম উৎপাদনকারী অঞ্চল থেকেই কৃত্রিমভাবে আম পাকিয়ে তা ফেনীতে সরবরাহ করা হয়।
চিকিৎসকরা জানান, এখন বাজারে যে আম পাওয়া যাচ্ছে তা খেলে পেটের পীড়াসহ লিভারের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ক্যান্সারের মতো জীবনঘাতী রোগ হওয়াও অসম্ভব নয়।

প্রেম না অপহরণ ‍॥ দাগনভূঞার নিখোজ প্রিয়াংকার ৬ দিনেও সন্ধান মেলেনি

 

দাগনভূঞা প্রতিনিধি :
৬ দিনেও খোঁজ মেলেনি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের মজুমদার বাড়ী থেকে নিখোজ গৃহবধু প্রিয়াংকা রাণী মজুমদারের (২৩)। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ফেনী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী প্রিয়াংকা রাণী মজুমদার। কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন যাবৎ প্রিয়াংকাকে একই এলাকার শীল বাড়ীর হরি শীলের বখাটে ছেলে সুমন কুমার শীল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রিয়াংকা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে সুমন। বিবাহিত ওই ছাত্রীর বাড়ি গ্রামের একপাশে হওয়ায় সুযোগ বুঝে গত রবিবার রাতে ৪/৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তর সহযোগীতায় সুমন কুমার বসতঘর থেকে জোরপূর্বক প্রিয়াংকাকে অপহরণ করে নিয়ে যায়। বাড়ীর লোকজন টের পাওয়ার আগেই তারা কেটে পড়ে। পরে গত সোমবার অপহৃতের মামা শ্বশুর নিমাই চন্দ্র মজুমদার বাদী হয়ে সুমন কুমার শীলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩ এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। অপহরনের ৬ দিন পার হলেও পুলিশ অভিযুক্ত সুমনের কোন হদিস বের করতে পারেনি। ওইদিন থেকে সুমনের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এদিকে তার কোন হদিস না পাওয়ায় প্রেমের টানে আত্মগোপন না অপহরণ হয়েছে এনিয়ে নানারকম গুঞ্জন রয়েছে।
মামলার বাদী নিমাই মজুমদার জানান, ঘটনার ৬ দিন পরও উদ্ধারের কোন খবর না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছেন। তারা চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর জানান, অপহৃতকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

ভারতে কমদামে ডায়রিয়ার টিকা

সময় ডেস্ক :
ভারতে বছরে ১১ মাসের কম বয়সি প্রায় এক লাখ শিশু ডায়রিয়ায় মারা যায়৷ এক সমীক্ষায় দেখা গেছে, এই রোগের প্রাদুর্ভাব ভারতেই সবথেকে বেশি৷ তাই এবার ডায়রিয়া নিয়ন্ত্রণে স্বল্প দামে দেশজ উপায়ে তৈরি করা হয়েছে রোটাভ্যাক টিকা৷
সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এন্টারিক মাল্টি-সেন্টার স্টাডি সংক্ষেপে জেমস-এর এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, নিউমোনিয়ার পরই শিশু মৃত্যুর দ্বিতীয় বড় কারণ ডায়রিয়া, যা হয় রোটাভাইরাসের আক্রমণে৷ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকার চারটি শহরে তিন বছর ধরে এই সমীক্ষা চালানো হয়৷ নতুন দিল্লির কাছে গুরগাঁও-এ পেডিয়াট্রিক বায়োলজি সেন্টারের অধ্যাপক ডা. শিঞ্জিনি ভাটনগর জানান, ভারতে বছরে পাঁচ বছরের নীচে ১১ শতাংশ শিশু মারা যায় রেট্রোভাইরাসজনিত ডায়রিয়াতে৷ সংখ্যার হিসেবে যা দাঁড়ায় বছরে প্রায় এক লাখ শিশু৷
ভারতের বায়োটেকনলজি বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি সংস্থার সহযোগিতায় স্বল্প দামে রোটাভ্যাক নামে এই রোগের প্রতিষেধক টিকা বের করেছে ভারত বায়োটেক৷ এই টিকার সাহায্যে ডাইরিয়া তথা দেহে জলাভাবজনিত শিশু মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কম করা সম্ভব হবে৷ বিশ্বে বছরে সাত লাখ শিশু মারা যায় ডায়রিয়ায় যার ৭০ শতাংশ প্রথম দু'বছরে ৷
ভারতে তৈরি রোটাভ্যাক নামে রোটাভাইরাস টিকার তৃতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে৷ পরীক্ষা করা হয়েছে ভারতে বিভিন্ন হাসপাতাল ও শিশু কেন্দ্রে ছয় থেকে সাত সপ্তাহের প্রায় সাত হাজার শিশুর ওপর৷ এই টিকা বাজারে ছাড়ার জন্য দরকার এখন শুধু ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের অনুমোদন৷
এই টিকা মুখে ড্রপ দিয়ে খাওয়ানো যাবে, যেমন পোলিও টিকা দেয়া হয়৷ খাওয়াতে হবে তিন ডোজ৷ ছয় সপ্তাহে, ১০ সপ্তাহে এবং ১৪ সপ্তাহে৷ প্রতি ডোজের দাম পড়বে ৫৪ টাকার মতো৷ বর্তমানে এর দাম পড়ে প্রতি ডোজ হাজার টাকার মতো৷ এটা চলবে সর্বজনীন ইমিউনাইজেশন এবং ওরাল পোলিও টিকাদান কর্মসূচির পাশাপাশি৷
ডায়রিয়া বা উদরাময়ের লক্ষণ হলো বার বার জলের মতো পায়খানা হওয়া৷ তাতে দেহে জলীয় উপাদান বেরিয়ে যাওয়ায় দেখা দেয় দেহে জলাভাব৷ এটা হয় অপরিষ্কার, অপরিচ্ছন্ন খাদ্য ও দুষিত জল থেকে৷ প্রাথমিক চিকিৎসা ওআরএস, অর্থাৎ প্রচুর জলীয় পদার্থ খাওয়াতে হবে৷ বারংবার পাতলা পায়খানা হলে অন্ত্র জল ও ইলেকট্রোলাইটস ধরে রাখতে পারে না বেরিয়ে যায়৷ ইলেক্ট্রোলাইটসে থাকে লবণ, সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড৷
দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উন্নতির সঙ্গে সঙ্গে রোটাভ্যাক টিকার কার্যকারিতাও বাড়বে৷ আন্ত্রিক সংক্রমণ নিবারণেও রোটাভ্যাক সমান কার্যকর৷ ২৫ শতাংশ নিবারণ করা গেলেও জনস্বাস্থের দিক থেকে সেটাও কম নয়, বলেন বায়োটেকনলজি বিভাগের সাবেক সচিব এম.কে ভান৷ রোটাভাইরাস সংক্রমণের মোকাবিলায় এটা একটা বড় সাফল্য সন্দেহ নেই৷

পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ মঙ্গলবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। গোষালহাট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন বুলবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম।

নতুন সম্পর্কে হুমা কুরেশি

বিনোদন সময় ডেস্ক :
অনুরাগ কাশিয়াপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন হুমা কুরেশি। এই ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন ছাড়াও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেন তিনি। এই ছবির শুটিংয়ের সূত্রে পরিচালক অনুরাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় হুমার। বিষয়টিকে কেবলমাত্র বন্ধুত্ব বলেই সব সময় উড়িয়ে দিয়েছেন হুমা। কিন্তু এই ছবিটির সফলতার পর বিভিন্ন স্পটে অনুরাগ ও হুমাকে ডেটিং করতে দেখা যায়। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তখনই বেড়ে যায় যখন ‘গ্যাংস অব ওয়াসিপুর-২’ ছবির জন্যও হুমাকে কাস্ট করা হয়। তবে একতা কাপুরের ‘এক থা ডায়েন’ ছবিটির কাজ শুরুর পর থেকেই অনেকটাই বদলে যেতে থাকেন হুমা। এই ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিতে ইমরানের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। জানা গেছে এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে অনুরাগ হুমাকে অনুরোধ করেছিলেন এতে কাজ না করতে। কিন্তু সেটি করেননি হুমা। নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে ছবিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। এর কারণে অনুরাগের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে হুমার। অন্যদিকে হুমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে ইমরান হাশমির সঙ্গে। এই ছবির অভিনয়ের সূত্রেই ইমরানের সঙ্গে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে হুমাকে। নতুন এই সম্পর্ক নিয়ে বর্তমানে বেশ ভালই আছেন হুমা। তবে নিজেদের সম্পর্ক বিষয়ে মুখ খুলেননি ইমরান। বরং বরাবরের মতো তিনি মিডিয়াকে এড়িয়ে গেছেন। ইমরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমা কুরেশি বলেন, ইমরানের সঙ্গে আমার সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ। কাজ করতে গিয়ে এমন সম্পর্ক স্থাপনা করাটা খুব জরুরি, তাহলে সেটা করতে সহজ হয়। আর বন্ধুত্বকে কেউ যদি প্রেম বলে চালিয়ে দিতে চায় তবে সেটা হবে শুধুই প্রতারণা। আমার সঙ্গে কারও সঙ্গে এখন কোন সম্পর্ক নেই। যদি হয় সেটা সবাইকে অবশ্যই জানাবো। এতোটুকু বিশ্বাস আমার ওপর আপনারা রাখুন।